ভারতে মুসলমানদের ওপর হামলা বন্ধের দাবি খেলাফত মজলিসের

WhatsApp Image 2026-05-07 at 3.54.48 PM
WhatsApp Image 2026-05-07 at 3.54.48 PM

মুক্তমন রিপোর্ট : খেলাফত মজলিস নেতৃবৃন্দ ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর উগ্রবাদী হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব হামলা বন্ধের দাবি জানিয়েছেন। বুধবার (৭ মে) সন্ধ্যায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এ দাবি জানানো হয়।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ভারতে সাম্প্রতিক বিভিন্ন রাজ্য বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসাম অঞ্চলে মুসলমানদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। মসজিদ, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং শারীরিক নির্যাতনের ঘটনাও বেড়েছে বলে দাবি সংগঠনটির।

নেতারা আরও বলেন, এসব ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন এবং আসামের অনেক মুসলিম পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। একইসঙ্গে বিজেপিবিরোধী রাজনৈতিক দলের হিন্দু কর্মীদের ওপরও হামলার অভিযোগ তোলা হয়।

বৈঠকে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের সমালোচনা করে বলা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’ পরিস্থিতির আশঙ্কাও প্রকাশ করা হয়।

খেলাফত মজলিস বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এসব ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা উচিত।

বৈঠকে দেশের বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন নেতারা। তারা বলেন, দেশে মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় বাড়ছে। শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তারা।

এছাড়া হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, বন্যাপ্রবণ এলাকায় বাঁধ নির্মাণ ও খাল সংস্কার, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জুলাই গণহত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।