রংপুর: রংপুরের মিঠাপুকুরে দুই সন্তানের জননী এক গৃহবধূকে নিয়ে দুই সন্তানের জনক এক ব্যক্তি উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রূপসী মধ্যপাড়া গ্রামের রগুনাত চন্দ্রের স্ত্রী ববিতা রানীর সঙ্গে রূপসী হাজীপাড়া গ্রামের বাসিন্দা ও আরিজ স্কুলের সাবেক শিক্ষক আশিকুর রহমানের পরিচয় ও নিয়মিত যাতায়াত ছিল। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে স্থানীয়দের দাবি।
প্রতিবেশীদের ভাষ্য, শনিবার ভোরে ববিতা রানী ও আশিকুর রহমান একসঙ্গে ঢাকার উদ্দেশে বাড়ি ছাড়েন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, ববিতা রানী তার দুই সন্তানকে নিয়ে নিয়মিত আরিজ স্কুলে যাতায়াত করতেন। ওই সূত্রে আশিকুর রহমানের সঙ্গে তার পরিচয় হয় বলে দাবি তাদের।
ববিতা রানীর চার বছর বয়সী ছেলে গয়ানাত ও তিন বছর বয়সী মেয়ে নন্দিনী বর্তমানে মায়ের অনুপস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আশিকুর রহমানের স্ত্রী মারা গেছেন এবং তারও দুই সন্তান রয়েছে।
এ ঘটনায় ববিতা রানীর স্বামী রগুনাত চন্দ্র মিঠাপুকুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
তবে ববিতা রানী ও আশিকুর রহমানের অবস্থান এবং তারা স্বেচ্ছায় নাকি অন্য কোনো কারণে বাড়ি ছেড়েছেন—এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।