ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর ওই অঞ্চলে একাধিক পরাঘাত অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৬.১ মাত্রার।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ান্তোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সম্ভাব্য ঝুঁকি এড়াতে দুর্যোগকবলিত এলাকা থেকে প্রায় ২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

সুনামি সতর্কতা প্রত্যাহার

শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (BMKG) পূর্ব নুসা টেঙ্গারাসহ কয়েকটি উপকূলীয় এলাকায় প্রাথমিক সুনামি সতর্কতা জারি করে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে পরবর্তীতে সমুদ্রপৃষ্ঠে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা না যাওয়ায় সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।