নেটফ্লিক্সে GTA 6-এর ‘Extended Look’, বাংলাদেশে দেখা যাবে না

নেটফ্লিক্সে আসছে GTA 6-এর Extended Look
নেটফ্লিক্সে আসছে GTA 6-এর Extended Look

মুক্তমন রিপোর্ট : গেমপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA 6) নিয়ে নতুন আপডেট দিয়েছে নেটফ্লিক্স। রকস্টার গেমসের জনপ্রিয় এই গেমের ‘অ্যান এক্সটেন্ডেড লুক’ আগামী ২৭ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশের দর্শকদের জন্য রয়েছে হতাশার খবর—নেটফ্লিক্সে এই কনটেন্টটি বাংলাদেশে বর্তমানে অনুপলব্ধ দেখাচ্ছে।

নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে বাংলাদেশের জন্য কনটেন্টটি ‘Unavailable’ হিসেবে দেখানো হচ্ছে। তবে কেন বাংলাদেশসহ এই অঞ্চলের দর্শকদের জন্য এটি সীমিত রাখা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি নেটফ্লিক্স।

অফিশিয়াল সূচি অনুযায়ী, ২৭ আগস্ট ইস্টার্ন টাইম (ET) বিকেল ৩টায় নেটফ্লিক্সে ‘GTA 6: An Extended Look’ প্রিমিয়ার হওয়ার কথা। প্রথম ছয় ঘণ্টা নেটফ্লিক্সে এক্সক্লুসিভ থাকার পর একই দিন রাত ৯টায় এটি রকস্টার গেমসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অর্থাৎ বাংলাদেশে নেটফ্লিক্সে সরাসরি দেখা না গেলেও পরবর্তী সময়ে রকস্টার গেমসের অফিসিয়াল প্ল্যাটফর্মে এটি দেখার সুযোগ তৈরি হতে পারে।

এদিকে পর্তুগিজ নেটফ্লিক্স পেজের একটি তালিকা ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। জিটিএ ৬-এর একটি সাবরেডিটের এক ব্যবহারকারীর দাবি, ‘অ্যান এক্সটেন্ডেড লুক’ সম্ভবত তিনটি আলাদা পর্বে বিভক্ত হতে পারে।

তিন পর্বের মোট দৈর্ঘ্য এক ঘণ্টার বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

ভক্তদের মধ্যে আলোচনা চলছে, এই তিন পর্বে হয়তো গেমটির গেমপ্লে, গল্প ও চরিত্র এবং ‘লেওনিডা’ নামের বিশাল গেম-জগতের বিভিন্ন দিক আলাদাভাবে তুলে ধরা হতে পারে।

তবে রকস্টার গেমস, টেক-টু ইন্টারঅ্যাক্টিভ কিংবা নেটফ্লিক্স—কোনো পক্ষই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ফলে ‘GTA 6: An Extended Look’-এ ঠিক কী থাকছে, তা জানতে ২৭ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মূল ‘Grand Theft Auto 6’ গেমটি ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ X/S-এর জন্য মুক্তি পাওয়ার কথা রয়েছে। গেমটির নতুন তথ্য ও ট্রেলার নিয়ে বিশ্বজুড়ে গেমারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।