মুক্তমন রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, বাসযোগ্য, আধুনিক ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিক সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
শুক্রবার বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, “ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির আওতায় নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
সবুজায়নের গুরুত্ব তুলে ধরে মো. আবদুস সালাম বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শহরকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে প্রশাসক সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।