সরকার উদ্যোক্তাদের পাশে থাকবে, তরুণদের উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকার উদ্যোক্তাদের পাশে থাকবে, তরুণদের উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন উদ্যোক্তাদের পথচলা সহজ নয়। নানা প্রতিকূলতা অতিক্রম করেই সফল হতে হয়। তবে উদ্যোক্তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, “এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা কিংবা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য পথটি কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব। সরকার আপনাদের সহযোগিতা করতে এবং পথ দেখাতে সবসময় পাশে থাকবে।”

তিনি বলেন, উদ্যোক্তাদের অনেক বাধা-বিপত্তি মোকাবিলা করতে হবে। তবে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

“আমরা আপনাদের সঙ্গে আছি। কতটুকু পারব জানি না, তবে সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ,” যোগ করেন প্রধানমন্ত্রী।

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, তারা শুধু নিজেদের জন্য নয়, দেশের লাখো মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন, সৃজনশীলতা ও উদ্যোগ দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী এবং সফল স্টার্টআপ উদ্যোক্তারা অংশ নেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী নিজের জীবনের নানা প্রতিকূলতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ সময় মানসিক ও শারীরিক নির্যাতন, অপমান এবং নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাকে এগিয়ে আসতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি তরুণদের কঠিন সময়েও হাল না ছাড়ার আহ্বান জানান।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ, স্টার্টআপ কার্যক্রম এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ দেখে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে। আগামী প্রজন্মই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।