সায়েদাবাদে ১০০ অবৈধ বাস কাউন্টার সিলগালা, ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির কঠোর অভিযান

669748687_1382419850579641_4140428678295011309_n
669748687_1382419850579641_4140428678295011309_n

মুক্তমন রিপোর্ট : রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তান জিপিও লিংক রোড এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সায়েদাবাদে বড় আকারের অভিযান
সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় টানা দ্বিতীয় দিনের অভিযানে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়েছে। পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় টার্মিনালের বাইরের সব অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, আজকের অভিযান সেই সিদ্ধান্ত বাস্তবায়নেরই অংশ।

গুলিস্তানে ফুটপাত পুনরুদ্ধার
অন্যদিকে বায়তুল মোকাররম মার্কেট-এর দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়ায় পথচারীদের চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএসসিসি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে—

  • সিটি কর্পোরেশনের আওতাধীন সব শপিংমল ও মার্কেটের সামনে ফুটপাতে কোনো ধরনের মালামাল রাখা যাবে না।
  • দখলদারদের নিজ উদ্যোগে দ্রুত মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
  • নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।