মুক্তমন রিপোর্টার : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
হাজির করা তিন সাংবাদিক হলেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সাবেক সম্পাদক শ্যামল দত্ত।
রাষ্ট্রপক্ষ জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ১৭ আগস্ট তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের আজ হাজির করার নির্দেশ দেন। একই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেন। এসব বক্তব্যের প্রেক্ষিতেই আন্দোলনকারীদের উদ্দেশে শেখ হাসিনা ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে মন্তব্য করেন বলে রাষ্ট্রপক্ষের দাবি।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব হলেও ওই অনুষ্ঠানে উপস্থিত কিছু সাংবাদিকের বক্তব্য প্রকৃত প্রশ্নের পরিবর্তে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা এবং নির্দিষ্ট বক্তব্য দেওয়ার জন্য উসকানিমূলক প্রস্তাব হিসেবে কাজ করেছিল।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, এটি কোনো পুরোনো মামলার অংশ নয়। নতুন করে দায়ের করা ‘মিস কেস’ বা বিবিধ মামলা হিসেবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ২০২৪ সালের ১৪ জুলাইয়ের সংবাদ সম্মেলনে কথিত উসকানিমূলক প্ররোচনার অভিযোগকে কেন্দ্র করেই মামলাটি করা হয়েছে।