রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিএনপি দলীয় স্বার্থে ব্যবহার করছে: নাহিদ ইসলাম

সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করছেন নাহিদ ইসলাম
সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করছেন নাহিদ ইসলাম

মুক্তমন রিপোর্টার : রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিএনপি দলীয় স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে দেশের ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ভয়াবহ জ্বালানি তেল সংকট দেখা দেয়। ওই সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এতে গণপরিবহন, সেচ ও সারসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি দাবি করেন, বর্তমানে দেশে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় রান্নার চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদনও কমে গেছে। ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুতের দাম প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করেছিল। কিন্তু দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে লোডশেডিং, ভুতুড়ে বিল ও ক্যাপাসিটি চার্জের বোঝা রয়েছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কৃষকেরা পর্যাপ্ত সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। একই সঙ্গে ঋণ প্রবৃদ্ধি বাড়ছে।

স্বাস্থ্য খাতের সংকটের জন্য অন্তর্বর্তী সরকারের সময়কে দায়ী করা হলেও বর্তমানেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, এখনো কোনো বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হয়নি।

শিক্ষাঙ্গন নিয়েও সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে। বিরোধী মতাদর্শের ওপর হামলার ঘটনা ঘটলেও সেসবের বিচার হচ্ছে না।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনায় বিএনপি জড়িত বলে তিনি দাবি করেন।

দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, শুরু থেকেই তারা বলে আসছেন, সরকার গণভোটের গণরায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।