মুক্তমন রিপোর্টার : দেশে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজের প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। দীর্ঘ সময় ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে রাজনৈতিক লড়াই হয়েছে, তার ধারাবাহিকতায় গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
তার মতে, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং জনগণ যেন অবাধে সঠিক তথ্য পেতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
আন্দালিভ রহমান পার্থ বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে। সরকার কী করছে, সেই তথ্য সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব।
তিনি মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা তার চেয়ে বেশি অভিজ্ঞ। দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সরকারের কোনো সিদ্ধান্তের কারণে যেন কারও প্রতি অন্যায় বা অবিচার না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য দেন।
এ ছাড়া পরিচিতি সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।