অন্যান্যআন্তর্জাতিকসারাদেশ

হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

মুক্তমন রিপোর্ট : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও প্যাকেজ-২–এর হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন। তিনি বলেন, হজ প্যাকেজ-১–এর ক্ষেত্রে মক্কা ও মদিনায় হোটেল ভাড়া মিলিয়ে প্রায় ১ হাজার সৌদি রিয়াল কমানো হয়েছে। এছাড়া হজযাত্রী প্রতি পরিবহন ভাড়া ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যৌক্তিক খরচে হজ পালনের জনআকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ২০২৫ সালে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর আরও প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে। দুই বছরে মোট প্রায় ৪০ হাজার টাকা বিমানভাড়া কমানো সম্ভব হয়েছে, যা উল্লেখযোগ্য অর্জন।

তিনি আরও জানান, হজ প্যাকেজ-৩–এর সার্ভিস চার্জ সার্ভিস প্রোভাইডার কোম্পানির সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে হজযাত্রী প্রতি প্রায় ৬০০ সৌদি রিয়াল কমানো হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সমন্বয় করে হাজিদের আবাসন হারাম শরীফের আরও কাছে নেওয়া হয়েছে। এতে যাতায়াতের ভোগান্তি কমবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ হারাম শরীফে আদায়ের সুযোগ বাড়বে।

ড. খালিদ বলেন, গত দেড় বছরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে। মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেওয়ায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

ইসলামিক ফাউন্ডেশনের বিষয়ে তিনি জানান, শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলার কারণে ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, যা নিষ্পত্তি হলে দ্রুত সম্পন্ন করা হবে। এছাড়া বিভিন্ন গ্রেডে একাধিক কর্মকর্তাকে বিধি মোতাবেক পদোন্নতি দেওয়া হয়েছে এবং আরও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button