জাতীয়

কৃষি অর্থনীতিকে উৎসর্গ করে বাংলা ১৪৩৩: তথ্যমন্ত্রী

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার বাংলা ১৪৩৩ বর্ষকে দেশের কৃষি অর্থনীতির জন্য উৎসর্গ করেছে। তিনি বলেন, পহেলা বৈশাখ কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয়, বরং এটি বাঙালির আনন্দ, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা।

মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বাংলা ১৪৩৩ সালকে সম্ভাবনাময় বছর হিসেবে উল্লেখ করে বলেন, “আগামী বছরজুড়ে সরকার কৃষিনির্ভর অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করবে।” তিনি আরও বলেন, পহেলা বৈশাখ এমন একটি উৎসব, যেখানে ধর্ম, বর্ণ বা বিভেদের কোনো স্থান নেই—এটি সবার জন্য আনন্দের দিন।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, হিজরি সন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সমন্বয়ে বাংলা সনের যে কাঠামো গড়ে উঠেছে, তার মূল লক্ষ্য ছিল কৃষি ও কৃষকের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা।

সরকারের কৃষকবান্ধব নীতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে সরাসরি নববর্ষ উদযাপন করছেন এবং সেখানে ‘কৃষক কার্ড’ বিতরণ করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button