বিএমইউতে বিরল রোগীর মুখের জটিল সার্জারিতে সাফল্য


মুক্তমন ডেস্ক : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এক কিশোরীর জটিল ও ব্যতিক্রমধর্মী সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ১৬ বছর বয়সী ওই রোগী জন্মগত রক্তের রোগ থ্যালাসেমিয়া-এ আক্রান্ত ছিলেন এবং পরবর্তীতে তার মধ্যে বিরল রোগ লিউকোসাইট অ্যাডহেশন ডিজিজ শনাক্ত হয়। ফলে তার রোগপ্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে গিয়ে গুরুতর পেরিওডন্টাইটিস দেখা দেয় এবং ধীরে ধীরে দাঁতগুলো অকার্যকর হয়ে পড়ে।
রোগীর মুখগহ্বরের স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনতে সব অকার্যকর দাঁত অপসারণ করে দুই চোয়ালে আধুনিক সাবপেরিওস্টিয়াল ডেন্টাল ইমপ্ল্যান্ট স্থাপন করা হয়।
এই জটিল সার্জারিতে নেতৃত্ব দেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মাহমুদা আক্তার। তার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রফেসর ডা. শাহিদ আজিজ এতে অংশ নেন। সার্জারিটি লাইভ হিসেবে পরিচালিত হয়।
এ সময় ডেন্টাল ফ্যাকাল্টির ডীন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ এবং সহযোগী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুসহ বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, এ সফল অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর মুখের সৌন্দর্য পুনরুদ্ধার এবং স্বাভাবিকভাবে খাবার গ্রহণের সক্ষমতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের আধুনিক চিকিৎসা প্রযুক্তির প্রয়োগ, দক্ষতা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।



