জাতীয়

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বন অধিদপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চল—বিশেষ করে চরাঞ্চলে—সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে দেশের বনাঞ্চলের ঘাটতি পূরণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে জবরদখলকৃত বনভূমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও নির্দেশ দেন, বন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা তাদের সমস্যাবলি ও চ্যালেঞ্জসমূহ লিখিতভাবে জমা দেবেন। এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত চেকলিস্ট তৈরি করে বন সংরক্ষণ, বন উজাড় রোধ এবং দখলমুক্তকরণে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জবরদখলকৃত বনভূমি সম্পর্কিত সঠিক তথ্য সংগ্রহে বিভাগীয় বন কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, তথ্য-উপাত্তের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুন্দরবনে দস্যু দমনে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওসার, অতিরিক্ত সচিব শামিমা বেগম এবং বন সংরক্ষক আর.এস.এম. মুনিরুল ইসলামসহ বন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button