ডিএনসিসির শিক্ষা বৃত্তি পেল ৭৩১ শিক্ষার্থী,


নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) শিক্ষা ও মেধা বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী ৭৩১ জন শিক্ষার্থীর মাঝে মোট ৯২ লাখ ৪ হাজার ৬০০ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছে।
বুধবার দুপুরে গুলশান-২ নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে নিয়মিতভাবে এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে তাদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলা। পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে সন্তানদের সঠিক পরিচর্যা ও মেধা বিকাশের পরিবেশ নিশ্চিত করা।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি, আঙিনা, ফুলের টব, বালতি ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ২০১৭ সালের নীতিমালার আওতায় শিক্ষা বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত বছর ৬৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হলেও এ বছর তা বৃদ্ধি করে ৭৩১ জনে উন্নীত করা হয়েছে।
তিনি আরও বলেন, নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের বিকাশে পরিবার ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।



