পল্লবীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত: মাদক-সন্ত্রাস দমনে পুলিশ-জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান


মুক্তমন রিপোর্ট : ‘কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ’ প্রতিপাদ্যে রাজধানীর পল্লবীতে ডিএমপি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে শনিবার পল্লবী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন এস এন মো: নজরুল ইসলাম এবং মো: মোস্তাক সরকার।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় পুলিশ কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, “নাগরিকরা যদি পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে অনেক জটিল সমস্যারও দ্রুত সমাধান সম্ভব।”
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে, যাতে তারা প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারে।
ডিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো: নজরুল ইসলাম বলেন, সরকার মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। পুলিশ প্রশাসন সেই নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “পুলিশ সবসময় জনগণের পাশে আছে। জনগণের সহযোগিতা পেলে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব।”
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের উন্মুক্ত আলোচনা আয়োজনের দাবি জানান। পুলিশ কর্মকর্তারা পল্লবী এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।



