বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য: স্থানীয় সরকার মন্ত্রী


মুক্তমন রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার (৬ মে) ঢাকার হোটেল শেরাটনে Institute of Strategy and Tactics Research (ISTR) আয়োজিত “C.O.M.P.A.S.S. Dialogue, Chapter 1: The Western Calibration” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং একটি টেকসই বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হয়েছে। তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
সংলাপে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি নিয়ে মতবিনিময় করেন।
এসময় সংলাপে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরাও উপস্থিত ছিলেন।



