জাতীয়

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইইউর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে পারস্পরিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পানি ব্যবস্থাপনা খাতে ইইউর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতে যৌথ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হবে।
অন্যদিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশকে ইইউর একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমান সহযোগিতাকে আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে ইইউ আগ্রহী।
বৈঠকে শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ই-গভর্নেন্স উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ-ইইউ উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button