আইন-অপরাধ

বেনাপোলে ইউনুস হত্যা মামলায় আরও ২ আসামি আটক, উদ্ধার মোটরসাইকেল

বেনাপোল, ২৮ এপ্রিল ২০২৬: বেনাপোলের আলোচিত ইউনুস আলী হত্যা মামলায় আরও দুই আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটকরা হলেন তরিকুল ইসলাম (৪০) ও সবুজ হোসেন (২১)।
পিবিআই সূত্র জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সবুজ হোসেনকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রহমতপুর বারপোতা গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে এবং সবুজ হোসেন একই গ্রামের আরাফাত হোসেনের ছেলে।
নিহত ইউনুস আলী (৪৭) বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ ও পরকীয়া সম্পর্কের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
পিবিআই জানায়, দীর্ঘ দাম্পত্য জীবনের একপর্যায়ে ইউনুসের স্ত্রী তাসলীমা খাতুন একই এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তাসলীমা খাতুন পুনরায় স্বামীর কাছে ফিরে আসলে ক্ষুব্ধ হয়ে আনোয়ার হোসেন ইউনুসকে হত্যার পরিকল্পনা করে।
গত ২২ এপ্রিল দুপুরে তরিকুল ইসলাম কাজের কথা বলে ইউনুসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রহমতপুর গ্রামে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকার হরিণাপোতার মাঠে ফেলে রাখা হয়।
ঘটনার পর নিহতের ভাই ইউসুফ আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানা-য় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার নেয় পিবিআই যশোর জেলা ইউনিট।
তথ্যপ্রযুক্তি ও স্থানীয় অনুসন্ধানের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে পিবিআই। যশোর পিবিআইয়ের পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই।
এর আগে, গত ২৪ এপ্রিল যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকা থেকে নিহতের স্ত্রী তাসলীমা খাতুনকে আটক করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button