পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা বরদাস্ত নয়, কড়া বার্তা ভারতের নির্বাচন কমিশনের


মুক্তমন রিপোর্ট : পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর বার্তা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিংসা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন।
কলকাতা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সম্প্রতি ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা, দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতের জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট ও আইএসএফের নেতা-কর্মীদের ওপর হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ কমিশনার, বিভিন্ন জেলার এসপি ও জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আধাসামরিক বাহিনীকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং দলটির রাজ্য সভাপতি সোমিক ভট্টাচার্য দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়েছেন, যেন কোনোভাবেই বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন বা দলীয় কার্যালয় দখলের ঘটনা না ঘটে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। ফলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক ভূমিকা কী হবে, তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।



