উত্তরায় মাসব্যাপী ‘আলোকিত মাহে রমাদান’ কর্মসূচির উদ্বোধন


মুক্তমন রিপোর্ট :
ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ‘আলোকিত মাহে রমাদান’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের আদলে রমজান মাসকে আনন্দময়, তাৎপর্যপূর্ণ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ করে তুলতেই এ আয়োজন। পুরো রমজানজুড়ে মুগ্ধ মঞ্চ এলাকায় থাকবে বিশেষ সাজসজ্জা, আলোকসজ্জা ও ধর্মীয় আয়োজন। ভবিষ্যতে আলেম-উলামাদের সক্রিয় অংশগ্রহণে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মপরিবর্তনের মাস। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ পরিবর্তনের পথ সুগম হয় উল্লেখ করে তিনি ন্যায়ভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, গজল, নাশিদ ও ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদের সভাপতি নাজমুল হাসান কাসেমী, নির্বাহী সভাপতি কেফায়েতুল্লাহ আজহারী এবং ঢাকা-১৮ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রমাদান তাকওয়া, নৈতিকতা ও আত্মসংযম অর্জনের শ্রেষ্ঠ সময়। সুদ, দুর্নীতি ও সকল অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক পক্ষ জানায়, আগামী ২০ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেলে কুরআন তেলাওয়াত ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
পবিত্র রমাদান উপলক্ষে দোয়া মাহফিল, ইসলামিক আলোচনা, সামাজিক ও মানবিক সহায়তামূলক কার্যক্রম মাসব্যাপী চলবে বলেও জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দেওয়ালিকায় নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ব্যস্ততার কারণে নিয়মিত সময়মতো নামাজ আদায় করতে না পারলেও এখন থেকে জামাতে এশার নামাজ আদায়ের চেষ্টা করবেন। উপস্থিত সবার সামনে তিনি নিয়মিত ও যথাসময়ে নামাজ আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
রমজানের আধ্যাত্মিক আবহে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



