

মুক্তমন রিপোর্ট : পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের আইনানুগ দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না। একই সঙ্গে পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।
আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চেইন অব কমান্ড বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে লটারি প্রক্রিয়ায় এসপি ও ওসিদের নিয়োগের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দক্ষতা ও সার্ভিস রেকর্ড বিবেচনায় পদায়ন হওয়া উচিত। রাজনৈতিক কারণে বিধির বাইরে প্রটোকল দেওয়া যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ২ হাজার ৭০১টি কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় নিরীহ মানুষকে জড়ানোর অভিযোগের বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠনের কথাও উল্লেখ করেন তিনি। কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান।
এছাড়া আগের সরকারের সময় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি।
পাসপোর্ট সেবায় ভোগান্তি নিরসনে সহায়তাকারীদের তালিকাভুক্ত করে নির্ধারিত সার্ভিস চার্জ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরীক্ষামূলকভাবে ঢাকাসহ বিভাগীয় শহরে এটি চালু করা হতে পারে বলে জানান তিনি।
২০০৬ সালে নিয়োগ বঞ্চিত এসআইদের বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



