সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন বীথিকা বিনতে হোসাইন


মুক্তমন রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রদল নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন। তিনি বলেছেন, দলের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের অংশীদার হতে চান এবং এ ক্ষেত্রে দল মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করবে বলে আশা করছেন।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বীথিকা বিনতে হোসাইন বলেন, আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবে দল। একই সঙ্গে প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, “আমি সেই প্রক্রিয়ার অংশ হতে চাই এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করতে চাই।”
প্রয়াত স্বামী শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আন্দোলনের প্রতিটি পর্যায়ে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলীয় প্রধানের নির্দেশনায় কাজ করেছেন।
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন তিনি, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমি তার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।”
বীথিকা জানান, সামাজিক সংগঠন ‘অর্পণ সংঘ’-এর মাধ্যমে তিনি গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে এসব পরিবারের প্রতিনিধিত্ব করে তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন।
এদিকে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



