এসএসসি চলাকালে ফেনীতে বন্ধ হয়নি কোচিং সেন্টার, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা


প্রতিনিধি, ফেনী : এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্য করে ফেনীতে চালু রয়েছে অসংখ্য কোচিং সেন্টার। ফেনী জেলা প্রশাসন-এর গণবিজ্ঞপ্তিকে উপেক্ষা করে নিয়মিত ক্লাস চালানোয় প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশাসনের তদারকি ও কার্যকারিতা।
রোববার শহরের ডাক্তারপাড়া ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, একাধিক কোচিং সেন্টার গোপনে পাঠদান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সরণি কোচিং, জাহিদ স্যার কোচিং, মেধা বিকাশ ও ক্যাডেট কেয়ার উল্লেখযোগ্য। অনেক প্রতিষ্ঠান কৌশলে শাটার আংশিক নামিয়ে ভেতরে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এভাবে কোচিং চালু থাকায় পরীক্ষার প্রশ্নফাঁসের ঝুঁকি তৈরি হচ্ছে এবং জনমনে ক্ষোভ বাড়ছে। অভিভাবকদের একাংশও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা সুলতানা জানান, কোচিং সেন্টারগুলোর এই লুকোচুরি বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে। খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালতসহ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
সচেতন নাগরিকদের দাবি, শুধু আশ্বাস নয়—অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।



