নিষেধাজ্ঞা অমান্য করে রাতে বালু পরিবহন, সোনাগাজীর সাহেবের ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


প্রতিনিধি, ফেনী : ফেনীর সোনাগাজীর সাহেবের ঘাট এলাকায় প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গোপনে বালু পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। রাতের আঁধারে নদীপথে বালু এনে অন্যত্র সরানোর সময় একটি বাল্কহেডে প্রমাণ পায় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগান চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে জড়িত দুই ব্যক্তিকে আটক করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব থেকেই নতুন করে বালু উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। শুধুমাত্র পূর্বে উত্তোলিত বালু সরানোর সীমিত অনুমতি থাকলেও সেই সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে বালু আনার চেষ্টা চলছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপলাইন ভেঙে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই পাইপলাইন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই বালু বাণিজ্য নিয়ন্ত্রণ করে আসছিল। প্রশাসনের এ অভিযানকে তারা ওই চক্রের বিরুদ্ধে শক্ত বার্তা হিসেবে দেখছেন।
প্রশাসনের বক্তব্য: উপজেলা প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের বালু উত্তোলন বা পরিবহন বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



