পশ্চিম সুন্দরবনে বাঘের হামলায় গুরুতর আহত মৌয়াল


মোংলা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের বরাতে জানা যায়, রোববার সকাল প্রায় ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল পশ্চিম সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বাবলু গাজীর ওপর হামলা চালায়।
তার সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার-চেঁচামেচি ও লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
আহতের বাবা মালেক গাজী বলেন, “আমরা একসঙ্গে মধু সংগ্রহ করছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।”

স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক তাদের নিত্যসঙ্গী।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হলেও মাঝে মধ্যেই বাঘের আক্রমণের ঘটনা ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তারা।



