ফেনীতে প্রশাসনের ‘আশ্বাস’ বনাম কোচিং মালিকদের ‘লুকোচুরি’


প্রতিনিধি, ফেনী: ফেনী শহরে এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যত উপেক্ষিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার কঠোর ব্যবস্থার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রয়োগ নেই বলে অভিযোগ উঠেছে। ফলে শহরের বিভিন্ন এলাকায় গোপনে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকায় একাধিক কোচিং সেন্টার প্রধান ফটক আংশিক বন্ধ রেখে ভেতরে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মেধা বিকাশ প্রাইভেট হোম, ইনটেনসিভ কেয়ার একাডেমি, সরণি কোচিং, জাহিদ স্যার, বাদল’স ইংলিশ কেয়ার ও ক্যাডেট কেয়ারসহ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠানগুলোর সামনে রাখা শিক্ষার্থীদের সাইকেল ও জুতার সারি থেকেই পাঠদান কার্যক্রম চালুর বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

এদিকে, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান থাকলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

সচেতন মহলের মতে, শুধু মৌখিক সতর্কতা নয়, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় অভিভাবকদেরও অভিযোগ, কিছু কোচিং সেন্টার প্রশাসনের নজর এড়িয়ে গোপনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষাকেন্দ্রিক অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এতে সরকারি নির্দেশনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।



