সারাদেশ

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: অসুস্থ পরিবহন শ্রমিকের পাশে দাঁড়ালেন চট্টগ্রামের ডিসি জাহিদ

মুক্তমন রিপোর্ট : শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়িয়ে আবারও প্রশংসিত হলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অসুস্থ ও অর্থকষ্টে থাকা এক পরিবহন শ্রমিকের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসে মানবিক প্রশাসনের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।

চট্টগ্রামের পাঠানটুলী রোড এলাকার মরহুম রাজা মিয়া ও মোস্তফা খাতুন দম্পতির ছেলে মোঃ মনির উদ্দিন দীর্ঘদিন পরিবহন শ্রমিক হিসেবে কাজ করে পরিবার নিয়ে জীবনযাপন করছিলেন। কিন্তু গত ১৫ মে হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তার জীবনে নেমে আসে দুর্ভোগ। ধারদেনা করে তিনি চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল এ চিকিৎসা নেন। তবে অর্থসংকটের কারণে নিয়মিত ওষুধ চালিয়ে যেতে পারেননি।

পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক ডা. মোঃ কামরুল হাসান এর শরণাপন্ন হন তিনি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার কিডনিতে পাথর হয়েছে এবং দ্রুত অপারেশন প্রয়োজন। কিন্তু সেই ব্যয়ভার বহনের সামর্থ্য ছিল না মনির উদ্দিনের পরিবারের।

শেষ পর্যন্ত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) আবেদন নিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সঙ্গে দেখা করলে শুধু আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ করেই দায়িত্ব শেষ করেননি তিনি। ব্যস্ততার মাঝেও মনির উদ্দিনের কষ্টের কথা ধৈর্যসহকারে শোনেন এবং তার পরিবারের খোঁজখবর নেন।

পরে তাৎক্ষণিকভাবে মনির উদ্দিনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।

এ বিষয়ে মনির উদ্দিন বলেন, “ডিসি স্যার তাঁর ব্যস্ততার মাঝেও আমাকে দীর্ঘ সময় দিয়েছেন। আমার কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমার মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন—এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।”

মনির উদ্দিনের স্ত্রী আসমা আক্তার বলেন, স্বামীর চিকিৎসার জন্য বিভিন্ন মানুষের কাছে গেলেও আশানুরূপ সহযোগিতা পাননি। পরে ভাতিজা তারেক হোসেন কে সঙ্গে নিয়ে ডিসি স্যারের কাছে গেলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি এর সাধারণ সম্পাদক অলি আহম্মেদ বলেন, “ডিসি স্যার সবসময় অসহায়, গরিব ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ান। সড়ক নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে আমি মনির উদ্দিনকে সহায়তা করার অনুরোধ জানিয়েছিলাম। পরে তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেন।”

স্থানীয়দের মতে, প্রশাসনিক দায়িত্বের বাইরে গিয়ে অসহায় মানুষের ব্যক্তিগত দুর্দশার কথা শোনা, পরিবারের খোঁজ নেওয়া এবং তাৎক্ষণিক সহায়তা করা মানবিক প্রশাসনের উজ্জ্বল উদাহরণ।

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জনবান্ধব ও ব্যতিক্রমী নানা উদ্যোগের কারণে আলোচনায় রয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অসুস্থ পরিবহন শ্রমিক মনির উদ্দিনের পাশে দাঁড়ানোর ঘটনাও সেই মানবিক ধারাবাহিকতার আরেকটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button