১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একটি ওয়ার্ডে সমাবেশের পরিকল্পনা; নিরাপত্তা নিশ্চিত ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রতিটি ওয়ার্ডে নাগরিক সমাবেশ আয়োজনসহ ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিদিন একটি করে প্রশাসনিক ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে দলটি। এসব কর্মসূচির মধ্য দিয়ে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলে ধরা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীও।
সেলিম উদ্দিন জানান, জামায়াতের কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। দুই অংশ মিলিয়ে মোট ১০০ দিনের কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের এসব সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। প্রতিটি সমাবেশকে কেন্দ্র করে মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচিও থাকবে।
কর্মসূচিতে শ্রমিক, পেশাজীবী ও মহিলা সংগঠনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানান তিনি। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনার কথাও জানান জামায়াতের এই নেতা। ফেব্রুয়ারি শেষে মার্চে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অন্যতম লক্ষ্য ছিল একটি নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, কোনো নাগরিকের জীবন ও সম্পদ অনিরাপদ থাকতে পারে না। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠপর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন ব্যবধান তৈরি না হয়। সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সরকারের প্রতি পাঁচটি দাবি তুলে ধরেন জামায়াতের এই নেতা। দাবিগুলো হলো—প্রতিটি সহিংসতা ও নাশকতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা; অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনা; পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা; চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরুদ্ধে সতর্ক করে সেলিম উদ্দিন বলেন, প্রত্যেক নাগরিকের বৈধ রাজনীতি, বক্তব্য প্রকাশ ও আন্দোলন-সংগ্রামের অধিকার রয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যম হিসেবে সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রবাজি কিংবা নাগরিকের ওপর হামলা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও আন্দোলন থাকতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই নিরীহ মানুষের জীবন বিপন্ন করা কিংবা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ধ্বংস করার অধিকার কারও নেই। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায়মুক্তি হতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
দেশবাসীর প্রতি শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা গুজবে বিভ্রান্ত হওয়া যাবে না। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, আবার কাউকে আইন ভঙ্গের সুযোগও দেওয়া উচিত নয়। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি
জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে সেলিম উদ্দিন বলেন, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার অর্থ শুধু ক্ষমতা পরিচালনা নয়; জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও। জনগণ যে পরিবর্তন প্রত্যাশা করেছিল, তা যেন শুধু ক্ষমতা বা শাসকের পরিবর্তনে সীমাবদ্ধ না থাকে। প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও নাগরিক নিরাপত্তায়ও সেই পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে।
তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও রাষ্ট্রীয় সংস্কারের কার্যক্রমে সরকার আগ্রহ দেখাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কর্তৃত্ববাদী আচরণের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সেলিম উদ্দিন বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো কার্যকর করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চিন্তাধারা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব নয়।
সরকারের প্রতি গঠনমূলক সহযোগিতার নীতিতে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ধামাচাপা বা গড়িমসি মেনে নেওয়া হবে না। এসব বিষয়ে জামায়াত গণতান্ত্রিক অবস্থান ও দায়িত্ব পালন করে যাবে।
নাগরিক সেবায় ডিজিটাল অ্যাপ
সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, নাগরিকদের বিভিন্ন সেবা ঘরে বসে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াত একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছে। এতে কয়েক ডজন সেবা পাওয়ার সুযোগ থাকবে বলে দাবি করেন তিনি। অ্যাপটির কার্যক্রম, সেবার ধরন ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত জানাতে পরে পৃথক সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি আরও কিছু সচেতনতামূলক প্রচারাভিযানের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, আগামী ১০০ দিনের কর্মসূচির মাধ্যমে দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণকে ধারণ করার সক্ষমতা তুলে ধরতে চান তাঁরা।
সেলিম উদ্দিন বলেন, জামায়াত সন্ত্রাসের বিপক্ষে এবং ন্যায়বিচারের পক্ষে। দলটি প্রতিহিংসা, বিভেদ, বিশৃঙ্খলা ও দখলদারত্বের রাজনীতির পরিবর্তে শান্তিপূর্ণ, নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।
সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।