রোহিঙ্গা প্রত্যাবাসন ও ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘিরে আলোচনা।
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘিরে আলোচনা।

মুক্তমন রিপোর্ট : রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ রায় ঘোষণা করেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

আদালত জানান, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করে। নারীদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতন চালানো হয়। রোহিঙ্গা গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করার পাশাপাশি সেখানে অন্য জনগোষ্ঠীর মানুষকে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়।

রায়ে সহিংসতার মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি এবং তা সহজতর করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে। গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন বিচারকেরা। রোহিঙ্গাদের ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

গাম্বিয়ার এই মামলায় ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সমর্থন দিয়েছে। শুনানিতে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি দেশ গাম্বিয়ার পক্ষে অবস্থান নেয়।

আইসিজের রায় রাষ্ট্রগুলোর জন্য বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। ফলে মিয়ানমার কীভাবে নির্দেশনা বাস্তবায়ন করে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

সূত্র : আল জাজিরা

Muktomon/TA