শিক্ষায় এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষায় এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

একাডেমিক সততা ও শিক্ষার্থীদের কাজের মূল্যায়নে নতুন চ্যালেঞ্জ, ১৩ দেশের ৬৫০ শিক্ষক-গবেষক নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিষিদ্ধ না করে এর দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিক প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেছেন, শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানে এআইয়ের ব্যবহার বাড়ছে। ফলে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন এবং একাডেমিক সততা বজায় রাখার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়লেও শিক্ষায় মানুষের বিচারবোধ, মানবিকতা ও নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে লেখালেখিতে এআইয়ের সহায়তা নিচ্ছে। তাই প্রযুক্তি শ্রেণিকক্ষে আসবে কি না, সেটি এখন আর মূল প্রশ্ন নয়। বরং কীভাবে দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিকভাবে এর ব্যবহার নিশ্চিত করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন এবং একাডেমিক সততা রক্ষার উপায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আলোচনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কম সুযোগ-সুবিধা পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন প্রযুক্তির সুবিধা থেকে পিছিয়ে না পড়ে, সে বিষয়েও নজর দেওয়ার পরামর্শ দেন।

শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির নতুন বাস্তবতা

সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’। এ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের পাশাপাশি বিশ্ব এখন দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান উৎপাদন, শিক্ষার্থীদের লেখালেখি এবং শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনছে।

পোস্টহিউম্যানিস্ট দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষা শুধু শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠ্যবস্তু এবং শিক্ষার পরিবেশও যুক্ত।

ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বৈশ্বিক জ্ঞান, গবেষণা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে ইংরেজি ভাষায় দক্ষতা জরুরি। তবে ভাষাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও যোগাযোগের সক্ষমতাও গড়ে তুলতে হবে।

সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও ধারণাগুলো বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ এবং শ্রেণিকক্ষের পাঠদানে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব

উচ্চশিক্ষার মান নিশ্চিত করাকে ইউজিসির অগ্রাধিকার উল্লেখ করে চেয়ারম্যান বলেন, দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের উপযোগী শিক্ষার্থী তৈরি করতে চায় কমিশন। একই সঙ্গে সমাজের প্রয়োজন মেটাতে সক্ষম গবেষণাকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।

এ জন্য প্রশিক্ষিত ও গবেষণামনস্ক শিক্ষক প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও গবেষণার প্রসারে বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) ভূমিকারও প্রশংসা করেন ইউজিসি চেয়ারম্যান।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও বেল্টার যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।

সম্মেলনের আহ্বায়ক ছিলেন বেল্টার সভাপতি অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. আখতার জাহান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ইউজিসির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান।