মুক্তমন রিপোর্ট : ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত অভিযানে ৮ লাখ ১৫ হাজার মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পর্যবেক্ষণে উঠে এসেছে।
রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় পাঠের সময় আইসিজের বিচারক ইয়াসাসাওয়া এসব তথ্য তুলে ধরেন। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে লক্ষ্যবস্তু হওয়া ও নিহত রোহিঙ্গাদের সংখ্যা সম্পর্কে আদালত নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।
বিচারক বলেন, লক্ষ্যবস্তু হওয়া এবং নিহত রোহিঙ্গাদের সংখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। জনসংখ্যার দিক থেকে এই জনগোষ্ঠীকে গণহত্যা সনদের আওতায় একটি তাৎপর্যপূর্ণ গোষ্ঠী হিসেবে বিবেচনা করা যায়।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরুর পর সহিংসতার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। সেই মামলার রায় ঘোষণা ঘিরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সূত্র : বিবিসি
Muktomon/TA