মুক্তমন রিপোর্ট : প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বাড়াতে ছয় ধরনের নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) চালু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
বুধবার (১১ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে নতুন হিসাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।
নতুন ছয়টি হিসাবের মধ্যে সাধারণ ব্যাংকিংয়ের আওতায় প্রবাসী গ্রাহকদের জন্য রয়েছে এনআরসিটিএ সেভার, এনআরসিটিএ বিজ ও এনআরসিটিএ এফডিআর। অন্যদিকে, শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ের আওতায় চালু করা হয়েছে এনআরবিসি মুদারাবা সেভিংস এনআরসিটিএ অ্যাকাউন্ট, এনআরবিসি মুদারাবা এমটিডিআর এনআরসিটিএ অ্যাকাউন্ট এবং এনআরবিসি আল-ওয়াদিয়াহ এনআরসিটিএ অ্যাকাউন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরসিটিএ অ্যাকাউন্ট প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের আর্থিক ব্যবস্থার একটি নিরাপদ ও প্রাতিষ্ঠানিক সংযোগ তৈরি করবে।
তিনি আরও বলেন, নতুন ছয় ধরনের হিসাব চালুর ফলে প্রবাসীরা বিদেশে অর্জিত অর্থ দেশে সঞ্চয় ও বিনিয়োগের আরও বিস্তৃত সুযোগ পাবেন। পাশাপাশি শরিয়াহসম্মত পদ্ধতিতে মুনাফা অর্জন, মূলধন ও মুনাফাসহ অর্থ বিদেশে পুনঃপ্রেরণ এবং ডিজিটাল মাধ্যমে হিসাব পরিচালনার সুবিধাও পাবেন তাঁরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সাল আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসনাত রেজা মাহবুবুল আলম, ইসলামী ব্যাংকিং উইংয়ের প্রধান মো. আবদুল গফুর রানা, আইসিটি অপারেশন বিভাগের প্রধান মো. রাকিবুল ইসলাম, ট্রেজারি বিভাগের প্রধান কাজী জুনায়েদ জামান এবং এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া।
ব্যাংকের অনুমোদিত ডিলার শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে প্রবাসীরা এসব অ্যাকাউন্টে চলতি, সঞ্চয়ী ও মেয়াদি আমানত পরিচালনা করতে পারবেন। এসব হিসাবের মাধ্যমে আকর্ষণীয় মুনাফা অর্জন, প্রয়োজনে মুনাফাসহ সম্পূর্ণ অর্থ উত্তোলন এবং মাসিক ভিত্তিতে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।
ব্যাংকটির মতে, নতুন হিসাবগুলো বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, প্রবাসীদের আর্থিক নিরাপত্তা জোরদার এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
Muktomon/TA