নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান

 ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের উন্মোচন করা নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের উন্মোচন করা নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি।

মুক্তমন রিপোর্ট : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে। বুধবার (১১ নভেম্বর) দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থ স্থাপনাটিতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থা রয়েছে। তবে স্থাপনাটি কোথায় অবস্থিত কিংবা সেখানে কী পরিমাণ অস্ত্র মজুত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মিসাইল সিটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মৌসাভি।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কারখানা ভূগর্ভে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। অ্যারোস্পেস ফোর্সের প্রধানের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যাতে এসব কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর টানা ৪০ দিন দুই পক্ষের মধ্যে সংঘাত চলে।অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে নতুন ভূগর্ভস্থ স্থাপনা উন্মোচনের মধ্য দিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

Muktomon/TA