মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে গ্রেপ্তার ‘মুখে ল’ গ্রুপের সদস্য মো. দিদার।
মোহাম্মদপুরে গ্রেপ্তার ‘মুখে ল’ গ্রুপের সদস্য মো. দিদার।

মুক্তমন রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার। তাঁর বাবার নাম ইউসুফ আলী এবং মায়ের নাম কুলসুম বেগম। তিনি মোহাম্মদপুরের কাটাসুরের নামার বাজার এলাকায় বসবাস করতেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির আক্কেল আলীর নেতৃত্বে বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে দিদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, দিদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Muktomon/TA