মকবুল হোসেন : ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্যসহ তিনজন, জুয়া খেলার অভিযোগে ছয়জন, পুলিশ আইনের ৩৪ ধারায় দুজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান, জুয়া প্রতিরোধ ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার ধীতুয়া এলাকায় সূর্যের খাদ্য মিলের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ মো. রিপন মিয়া (৩৫), মো. বাবলু মিয়া (৩০) ও মো. শরীফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি ধীতুয়া ও হাতিল এলাকায়।
অন্যদিকে, এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে জুয়াবিরোধী অভিযান চালিয়ে উপজেলার দাওগাঁও এলাকায় কাছেদ নামে এক ব্যক্তির নির্মাণাধীন বসতঘর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. নাসির উদ্দিন (৫০), মো. আব্দুল মান্নান (৬০), মো. আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মো. মোশারফ হোসেন (৩৪)। তাঁদের বাড়ি দাওগাঁওয়ের পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এলাকায়।
এ ছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে পুলিশ আইনের ৩৪ ধারায় মো. খাইরুল ইসলাম (৪৫) ও মো. মোশারফ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এসব অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম, জুয়া প্রতিরোধ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুক্তাগাছা থানা পুলিশ।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA