মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪-এ ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। আন্তর্জাতিক এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে দেশের কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপ।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির। বিশেষ অতিথি হিসেবে কসমেটিকস শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিল্পসংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের কসমেটিকা ঢাকায় বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি, জ্ঞান, বিনিয়োগ ও নতুন বাজারের সঙ্গে বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে যুক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস বলেন, বাংলাদেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্প পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ শিল্পকে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক মানের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কসমেটিকা ঢাকা দেশের কসমেটিকস শিল্পের উৎপাদক ও ব্যবসায়ীদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করবে। এ আয়োজনের সহযোগী হতে পেরে রিমার্ক-হারল্যান গর্বিত।
হারল্যান স্টোরের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব বলেন, বাংলাদেশের কসমেটিকস শিল্পের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে রিমার্ক-হারল্যান বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়ে আসছে।
প্রদর্শনীতে রিমার্ক এইচবি লিমিটেড বড় পরিসরে একটি প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করবে। সেখানে বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য, আধুনিক উৎপাদন প্রযুক্তি, প্যাকেজিং, উৎপাদন প্রক্রিয়া ও গুণগত মান নিয়ন্ত্রণের সক্ষমতা তুলে ধরা হবে। পাশাপাশি হারল্যান স্টোরের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন রপ্তানিমুখী পণ্যও প্রদর্শন করা হবে।
রিমার্ক-হারল্যানের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান বলেন, বাংলাদেশকে কসমেটিকসের আমদানিনির্ভর বাজারের পাশাপাশি মানসম্মত ও রপ্তানিমুখী উৎপাদনের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। কসমেটিকা ঢাকা উৎপাদক, ব্র্যান্ড, ক্রেতা, বিক্রেতা ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে রিমার্ক বাংলাদেশের কসমেটিকস খাতে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি)’ সার্টিফিকেশন অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম cGMP, ISO ও Halal মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য দেশের বাজারের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের উত্তর প্রদেশ ও বিহারেও লিলি, নিওর ও সিওডিলসহ কয়েকটি ব্র্যান্ডের পণ্য বাজারজাত শুরু হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, কসমেটিকা ঢাকা ২০২৬ শুধু পণ্য প্রদর্শনের আয়োজন নয়; এর পাশাপাশি বিশেষজ্ঞ উপস্থাপনা, প্রশিক্ষণ, শিল্পভিত্তিক আলোচনা ও জ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তিন দিনের এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এতে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্যের প্রয়োজন হবে না। অনলাইনে নিবন্ধনের পাশাপাশি ভেন্যুতেও সরাসরি নিবন্ধনের সুযোগ থাকবে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, মেকআপ শিল্পী, সৌন্দর্যপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের এ আন্তর্জাতিক আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।