বাংলাদেশকে অতিরিক্ত হজ কোটা দেওয়ার আশ্বাস সৌদির

বাংলাদেশকে অতিরিক্ত হজ কোটা দেওয়ার আশ্বাস সৌদির

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুখবর এসেছে সৌদি আরব থেকে। কোনো দেশ তাদের জন্য নির্ধারিত হজ কোটা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে না পারলে সেই অব্যবহৃত কোটার একটি অংশ বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ জানিয়েছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে অতিরিক্ত কোটা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের আগে জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

বৈঠকে সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহও প্রকাশ করেন।

তিনি বলেন, “বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।”

বৈঠকে দুই দেশ হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, তথ্য বিনিময়, সমন্বয় বৃদ্ধি এবং হজযাত্রীদের সেবার মান উন্নয়নের বিষয়েও আলোচনা করে।

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন সৌদি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।

সংশ্লিষ্টদের মতে, সৌদি আরবের এই আশ্বাস বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি মুসল্লির হজ পালন করার সুযোগ তৈরি হতে পারে।