মুক্তমন ডেস্ক: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আগামী ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত এ ট্রাভেল মার্ট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা, দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বিটিএম ২০২৬-এ দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, পর্যটন সংস্থা ও বিভিন্ন ট্রাভেল সার্ভিস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, মেলায় প্রায় ১০০ প্রদর্শক, ৬০ ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থী অংশ নেবেন।
আয়োজনের অন্যতম আকর্ষণ হচ্ছে Pre-Scheduled B2B Buyer-Seller Meeting। অনলাইন PSA (Pre-Scheduled Appointment) System-এর মাধ্যমে অংশগ্রহণকারী Buyer ও Seller-রা আগে থেকেই নির্ধারিত সময়ের জন্য ব্যবসায়িক বৈঠক করতে পারবেন।
আয়োজকদের মতে, এর ফলে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক আলোচনা, নতুন চুক্তি, ট্যুর প্যাকেজ ও পণ্য বিনিময়, নতুন পর্যটন গন্তব্য নিয়ে কাজ এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে।
বিটিএম ২০২৬-এ B2B ও B2C কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হবে। B2B অংশে ট্রাভেল ট্রেডের পেশাজীবীরা দেশি-বিদেশি Buyer ও Seller-এর সঙ্গে ব্যবসায়িক বৈঠক ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।
অন্যদিকে B2C অংশে সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা সেবা, আন্তর্জাতিক গন্তব্য এবং বিশেষ ট্রাভেল অফার সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবেন।
‘বাংলাদেশের পর্যটন বাণিজ্যের আন্তর্জাতিক সংযোগস্থল হবে BTM’
বোটোয়া সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্টকে শুধু একটি প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে না। এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। দেশি-বিদেশি Buyer, Seller ও পর্যটন সেবাদাতাদের একই জায়গায় এনে বাস্তব ব্যবসায়িক সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়লে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বাজার, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, বিটিএম ২০২৬-এর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মানের এ ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্মে প্রদর্শনীর পাশাপাশি বাস্তব ব্যবসায়িক যোগাযোগ ও ফলপ্রসূ B2B বৈঠকের সুযোগ থাকবে। একই সঙ্গে ভ্রমণপ্রেমীরাও বিভিন্ন প্রতিষ্ঠান ও গন্তব্যের অফার সরাসরি যাচাই করতে পারবেন।
ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসীন ইকবাল বলেন, অনলাইন PSA ব্যবস্থার মাধ্যমে Buyer ও Seller-দের আগেই বৈঠকের সময় নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণকারীরা পরিকল্পিতভাবে সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আলোচনা করতে পারবেন।
আয়োজকদের আশা, বিটিএম ২০২৬ ভবিষ্যতে বাংলাদেশের পর্যটন খাতের জন্য একটি নিয়মিত আন্তর্জাতিক ট্রেড প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। আন্তর্জাতিক Buyer-Seller Meeting, ট্রেড নেটওয়ার্কিং এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন ব্যবসা ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।