মুক্তমন ডেস্ক : দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) বিকাশ এবং কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য চুক্তি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং এসবিএসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল কাইয়ুম চৌধুরী স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, এসবিএসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ইভিপি জাহাঙ্গীর আলম এফসিএমএসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কৃষি উৎপাদন ও সংশ্লিষ্ট খাতগুলোতে অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। এর ফলে কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক ব্যবসা ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে সহায়তা মিলবে।