বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৯.৬৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে র‍্যানকন

মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে র‍্যানকন লুব্রিকেন্টসের বিনিয়োগ চুক্তি
মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে র‍্যানকন লুব্রিকেন্টসের বিনিয়োগ চুক্তি

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (SEZ) শিল্প ইউনিট স্থাপনে ১৯ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে র‍্যানকন লুব্রিকেন্টস লিমিটেড। এ প্রকল্পে ২৫০ জনের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে ৫০ বছরের জন্য ৬ দশমিক ৫ একর উন্নত জমির ইজারা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট) নাহিয়ান রহমান রোচি এবং র‍্যানকন লুব্রিকেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

নাহিয়ান রহমান রোচি বলেন, তিনটি বিনিয়োগ উন্নয়নকারী সংস্থা একীভূত হওয়ার পর ইনভেস্ট বাংলাদেশ যে প্রথম ভূমি ইজারা চুক্তি করেছে, এটি সেটিই। র‍্যানকনের মতো একটি প্রতিষ্ঠিত বিনিয়োগকারীর এ বিনিয়োগ নতুন প্রতিষ্ঠানের প্রতি আস্থার প্রতিফলন এবং অন্য বিনিয়োগকারীদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন তিনি।

৫০ বছরের ইজারা, ৩৬ মাসে উৎপাদনের লক্ষ্য

চুক্তি অনুযায়ী, জমি হস্তান্তরের দিন থেকে ইজারার মেয়াদ হবে ৫০ বছর। ইনভেস্ট বাংলাদেশের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী সময়ে ইজারা নবায়নের সুযোগ থাকবে।

চুক্তি স্বাক্ষরের ৯০ দিনের মধ্যে র‍্যানকনকে জমি বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। জমি পাওয়ার পর ১২০ দিনের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে এবং হস্তান্তরের ৩৬ মাসের মধ্যে শিল্প ইউনিটটি উৎপাদনে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে ইউটিলিটি সংযোগ পেতে র‍্যানকনকে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ। পাশাপাশি শুল্ক, ভ্যাট ও করসংক্রান্ত সরকারি ঘোষিত প্রণোদনা পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, প্রয়োজনীয় অনুমোদন নেওয়া এবং পরিবেশ, শ্রম ও নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান মেনে চলার দায়িত্ব থাকবে র‍্যানকনের। প্রতিষ্ঠানটি বর্জ্য ও পয়ঃনিষ্কাশন শোধনাগার স্থাপন করবে এবং সেগুলো অর্থনৈতিক অঞ্চলের কেন্দ্রীয় বর্জ্য ও বর্জ্যপানি ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে।

চুক্তিতে প্রকল্পের কার্যক্রম ও বিধিবিধান পরিপালন পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো শর্ত লঙ্ঘিত হলে চুক্তি বাতিলের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সংশোধনের সুযোগ দেওয়ার বিধানও রয়েছে।

এ ছাড়া কোনো বিরোধ দেখা দিলে সালিশি আইনের (Arbitration Act), ২০০১ অনুযায়ী সালিশের মাধ্যমে তা নিষ্পত্তির কথা বলা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (PPPA) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দেশের বিনিয়োগ উন্নয়ন ও সহায়তার কেন্দ্রীয় সংস্থা হিসেবে গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে।

Muktomon/TA