মুক্তমন রিপোর্ট : রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক বাতিল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর ধরে তাঁরা কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। শেষ পর্যায়ে তাঁদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে গণআন্দোলনের মুখে চার দিনের মাথায় তৎকালীন সরকার ক্ষমতা ছেড়ে দেশত্যাগে বাধ্য হয় বলে মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে দেশ পরিচালনা করলে তা দীর্ঘস্থায়ী হবে না। তাঁর মতে, জনগণের রায় বাস্তবায়ন করা হলে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে। এ বিষয়ে সরকারকে নিজেদের তৈরি সমস্যার সমাধান করে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি।
জামায়াতের শীর্ষ নেতাদের বিচার ও মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, দলের ১২ জন শীর্ষ নেতার বিরুদ্ধে অন্যায় ও মিথ্যা মামলা দিয়ে তাঁদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ১১ জন মারা গেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারের বিরুদ্ধে নির্বাচনের পর প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। এতে জনগণের মধ্যে হতাশা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন ও কার্যক্রম শুরু করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট জনবল প্রত্যাহার করা হয়েছে। এটিকে তিনি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির লঙ্ঘন বলে দাবি করেন।
সংবিধান সংস্কার ও সংশোধনের প্রসঙ্গেও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা থাকলেও বর্তমানে সংবিধান সংশোধনের পথে এগোনো হচ্ছে। তাঁর মতে, সংস্কার ও সংশোধনের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সংস্কার হলে তা আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক ধারায় ফিরে না গিয়ে মেধাভিত্তিক সমাজ গঠন, যোগ্যতার মূল্যায়ন এবং সব শ্রেণি-পেশার মানুষকে রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্ত করার প্রত্যাশা ছিল। কিন্তু স্থানীয় সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয় ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দুর্নীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, এসব বিষয়ে সরকারের দায় এড়িয়ে অতীতের সরকার ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির ওপর দায় চাপানো হচ্ছে।
তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। শিল্পকে বাঁচাতে হলে শ্রমিকদেরও সুরক্ষা দিতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিল্প খাতের অস্থিরতার কারণে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেন জামায়াত আমির। প্রতিবেশী দেশগুলোর কিছু সংবাদমাধ্যমে এ শিল্প নিয়ে নেতিবাচক প্রচারণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিল্পটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।