মুক্তমন রিপোর্ট : প্রবাসে থাকা মেধাবী ও দক্ষ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি দেশের শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে। এর মাধ্যমে শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। দেশের শিল্পীরা তাঁদের কাজের যথাযথ মূল্য অনেক সময় পান না। ফলে জাতীয় অর্থনীতিতে শিল্প-সংস্কৃতির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
তিনি বলেন, শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, সে বিষয়ে কাজ করতে চান তিনি।
শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং মানসম্মত প্রকাশনার প্রয়োজনীয়তা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে দক্ষ শিল্পসমালোচক তৈরি করতে হবে। পাশাপাশি শিল্পকর্মের নিলাম চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ঢাকায় একটি মানসম্মত থিয়েটার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
সৃজনশীল অর্থনীতির বিকাশে যুক্তরাষ্ট্রসহ এ খাতে সফল দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।
Muktomon/TA