এনভিডিয়া প্রধানকে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ

 এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও মেগাস্পিডের প্রধান নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ছবি।
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও মেগাস্পিডের প্রধান নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ছবি।

মুক্তমন রিপোর্ট : বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক এবং তাঁর বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রে তোলপাড় শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার।

প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ। তাঁর বিরুদ্ধে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ চীনে সরবরাহের ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।

গত রোববার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় জেনসেন হুয়াং অ্যালিসের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করেন। বার্তায় তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং পরিবারের সদস্যদের কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, নিজের কাজের পক্ষে কোনো অজুহাত নেই।

নামের মিল থাকলেও জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। জেনসেন হুয়াং পরিচালনা পর্ষদকে বিষয়টি জানানোর পর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এনভিডিয়া।

এর আগে গত মাসে ব্লুমবার্গ ও নিউইয়র্ক টাইমসকে দেওয়া বক্তব্যে এনভিডিয়ার পক্ষ থেকে অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগকে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক হিসেবে বর্ণনা করা হয়েছিল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। 

প্রতিবেদনে বলা হয়, নজরদারির সময় অ্যালিসের সঙ্গে এক মার্কিন নাগরিকের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্যও সামনে আসে। বিশেষ সরকারি প্রক্রিয়ায় ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার পর গোয়েন্দারা জানতে পারেন, তিনি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তদারকিতে দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো একটি গোপন নথিতে অ্যালিসকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়। 

তবে বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারির বিষয়ে জেনসেন হুয়াংকে সতর্ক করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা ছিল, তাঁকে জানালে অ্যালিসের কাছে নজরদারির বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে।

জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের প্রথম পরিচয়ের সময় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিসের অতীত সম্পর্কেও প্রকাশ্য তথ্য সীমিত। একটি চীনা বিনিয়োগ তহবিলের অনলাইন তথ্যে তাঁকে সাবেক টেলিভিশন সাংবাদিক হিসেবে উল্লেখ করা হলেও সংবাদমাধ্যমটি তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রতিবেদন অনুযায়ী, চীনের কয়েকটি বড় ব্যাংকে কাজ করার পর সাংহাইভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান হেক্সি ক্যাপিটালে যোগ দেন অ্যালিস। প্রতিষ্ঠানটি সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ করে।

পরে তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে পরিচিতি পান। ২০২৪ সালের জুনে তাইপেইয়ে একটি প্রযুক্তি প্রদর্শনীর পর স্থানীয় একটি পানশালায় জেনসেন ও অ্যালিসকে একসঙ্গে দেখা যায়। লিংকডইনে প্রকাশিত ছবিতে তাঁদের অন্য প্রযুক্তি কর্মকর্তাদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে।

 প্রযুক্তি খাতের কয়েকজন বিনিয়োগকারীর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অ্যালিস বিভিন্ন জায়গায় প্রচার করতেন এবং তা কাজে লাগিয়ে চীনে সরকারি ডেটা সেন্টার প্রকল্পের অংশীদার হতে তহবিল সংগ্রহের চেষ্টা করতেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি পরিচালনায় এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) চিপ গুরুত্বপূর্ণ। চীনের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির আশঙ্কায় ২০২২ সাল থেকে দেশটিতে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মেগাস্পিড মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করত। প্রতিষ্ঠানটি চীনের সামরিক বাহিনীকে প্রযুক্তি সরবরাহের অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান ইনসপারের মার্কিন শাখা থেকে এনভিডিয়ার চিপ কিনত। 

মার্কিন তদন্তকারীদের সন্দেহ, মেগাস্পিডের কেনা কিছু চিপ সরাসরি চীনে পাচার করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি।

বাণিজ্য তথ্য বিশ্লেষণী প্ল্যাটফর্ম ইমপোর্টজিনিয়াসের নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেগাস্পিডের মালয়েশিয়া শাখা এনভিডিয়ার চিপযুক্ত অন্তত ৪৮০ কোটি ডলারের উন্নত এআই সরঞ্জাম কিনেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে মালয়েশিয়ায় মেগাস্পিডের একটি ডেটা সেন্টার পরিদর্শনে গিয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বেশ কিছু এনভিডিয়া সরঞ্জাম বাক্সবন্দী অবস্থায় দেখতে পান। সেগুলো স্থাপন না করে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।

২০২৫ সালে সিঙ্গাপুর কর্তৃপক্ষও অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর পরও মালয়েশিয়ার জোহর রাজ্যে ৫৩ একর জমিতে ডেটা সেন্টার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে মেগাস্পিড।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় এক বছর আগে জেনসেন ও অ্যালিসের ঘনিষ্ঠতা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগসংক্রান্ত গোয়েন্দা তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটির ভাষ্য অনুযায়ী, এনভিডিয়ার ব্যবসায় বিঘ্ন ঘটলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শেয়ারবাজারে প্রভাব পড়তে পারে—এমন বিবেচনা থেকে ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছিল।

 এনভিডিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি এবং ট্রাম্পের রাজনৈতিক কর্মসূচিতে অনুদানের বিষয়ও উল্লেখ করা হয়েছে।সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প ও হুয়াংয়ের ঘনিষ্ঠতার কারণে এনভিডিয়া ও চীনকে ঘিরে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকটি তদন্ত ও নিষেধাজ্ঞার প্রস্তাব থমকে গিয়েছিল বলে তাঁদের ধারণা।এ

এনভিডিয়ার আচরণবিধিতে ব্যক্তিগত সম্পর্কের কারণে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে—এমন পরিস্থিতি এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। বিদেশি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকার কথা বলা হয়েছে।

তবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্যের ক্ষতি হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলাকালে জেনসেন হুয়াং সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

পর্ষদের স্বতন্ত্র পরিচালকদের নিয়ে গঠিত একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত পরিচালনা করবে। এ ছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান নেতারা জেনসেন হুয়াংকে রুদ্ধদ্বার বৈঠকে হাজির হতে বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেগাস্পিডের বিরুদ্ধে চলমান কেন্দ্রীয় তদন্তের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে মার্কিন বিচার বিভাগ নিয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং অভিযোগগুলোকে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন অপপ্রচার ও কুৎসা’ বলে অভিহিত করেছেন। মেগাস্পিড জানিয়েছে, তারা নিজস্ব তদন্তের জন্য বাইরের আইনজীবী নিয়োগ করেছে এবং মার্কিন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।

সূত্র : দ্য ডেইলি স্টার