ডিজিটাল লেনদেনের প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ

ডিজিটাল লেনদেনের প্রভাব নিয়ে গবেষণার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশ ও ইউআইইউর কর্মকর্তারা।
ডিজিটাল লেনদেনের প্রভাব নিয়ে গবেষণার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশ ও ইউআইইউর কর্মকর্তারা।

মুক্তমন রিপোর্ট : দেশে ডিজিটাল লেনদেনে মানুষের অভ্যস্ততা, এর প্রসারের কারণ এবং আর্থ-সামাজিক প্রভাব বিশ্লেষণে যৌথভাবে গবেষণা করবে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর)।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

‘এক্সপ্লোরিং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যাডাপটেশন ইন বাংলাদেশ : ড্রাইভারস, সোশ্যাল আউটকামস অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন’ শীর্ষক গবেষণায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ডিজিটাল লেনদেন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ভূমিকা বিশ্লেষণ করা হবে।

এ বিষয়ে সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইমেরিটাস ও আইএআরের নির্বাহী পরিচালক ড. এম রিজওয়ান খান, বিকাশের চিফ লিগ্যাল অফিসার এম মাজেদুল ইসলাম এবং এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের ইভিপি ও প্রধান শাহরিয়ার মাহমুদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল আর্থিক সেবা ও ব্যাংকগুলোর ধারাবাহিক উদ্ভাবন, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির উদ্যোগ, বিস্তৃত আর্থিক সেবাব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থার সহায়তায় দেশে ডিজিটাল লেনদেনের পরিধি বেড়েছে। 

গবেষণায় গ্রাহকরা কীভাবে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়েছেন, এসব সেবার ওপর তাঁদের আস্থা কতটা এবং ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তা তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ করা হবে।

এ ছাড়া ডিজিটাল লেনদেনের প্রসারে মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করা প্রধান কারণগুলো চিহ্নিত করার পাশাপাশি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সরকারি সহায়তার ভূমিকা পর্যালোচনা করবে গবেষণা দল। ডিজিটাল লেনদেনের ফলে সমাজজীবনে কী ধরনের পরিবর্তন আসছে, সে বিষয়টিও গবেষণায় গুরুত্ব পাবে।

পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা ও লেনদেনের ক্ষেত্রে মানুষের আস্থা এবং সামাজিক ধারণার প্রভাবও বিশ্লেষণ করা হবে।

প্রতিষ্ঠান দুটির আশা, গবেষণার ফলাফল দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

Muktomon/TA