মুক্তমন রিপোর্ট : তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি খেলায় এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রস্তাবিত প্রতিযোগিতার খেলাগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট। ইউনিয়ন পর্যায় থেকে শিশু-কিশোরদের অংশগ্রহণে এসব ইভেন্ট আয়োজনের কার্যক্রম নেওয়া হয়েছে।
সংসদ সদস্য তাঁর প্রশ্নে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাবও তুলে ধরেন তিনি।
জবাবে আমিনুল হক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের প্রতিটিতে তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ১১ হাজার ৮৮০টি পদে নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় শনাক্ত ও বিকাশের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
Muktomon/TA