ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর

ক্ষেতলালে সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনে করা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক স্বামী রাশেদুল ইসলাম।
ক্ষেতলালে সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনে করা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক স্বামী রাশেদুল ইসলাম।

​নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের ক্ষেতলালে তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীর করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন সাবেক স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে রাশেদুল ইসলাম ও তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে যে নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

​এর আগে গত ৮ নভেম্বর ক্ষেতলাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন রাশেদুলের সাবেক স্ত্রী আমেনা। তিনি সেখানে রাশেদুল ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।

​প্রতিবাদলিপিতে রাশেদুল ইসলাম জানান, চলতি বছরের ১০ জানুয়ারি উপজেলার জালিয়াপাড়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে আমেনার সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে এক লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর আমেনা তাঁর বাড়িতে এসে মাত্র একবার প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেন। পরে তাঁরা দুজন বগুড়ায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

​রাশেদুল বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির কারণে আমাকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতো। এই সুযোগে পারিবারিক নানা বিষয় এবং মুঠোফোনে অন্যান্যের সঙ্গে যোগাযোগ নিয়ে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে ইসলামী শরিয়াহ ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গত ৩০ আগস্ট স্ত্রীকে তালাক দিই। এ সময় দেনমোহরসহ তাঁর যাবতীয় পাওনাদিও পরিশোধ করা হয়েছে।

​তিনি আরও বলেন, ভালোবেসে আমি তাঁকে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি হয়। এক পর্যায়ে বাধ্য হয়েই সব আইনি প্রক্রিয়া মেনে তাঁকে তালাক দিয়েছি। অথচ গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

​রাশেদুলের বাবা মোতালেব হোসেন বলেন, আমার ছেলে ভালোবেসে বিয়ে করেছিল। পুত্রবধূ বাড়িতে এসে মাত্র একবার ছয় ঘণ্টা কাটিয়েছিল, এরপর বগুড়ায় চলে যায়। সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে নির্যাতনের যে কথা বলা হয়েছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই।

​এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক স্ত্রী আমেনার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।