ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবারের মান তদারকি, রোগীদের সমস্যা রেকর্ড রাখা এবং বহির্বিভাগে আসা রোগীদের অভিযোগ জানানোর সুবিধার্থে নতুন উদ্যোগ ও প্রস্তাব সামনে এসেছে।
সরেজমিন সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও রান্নাঘরের পরিবেশ যাচাই-বাছাই করতে পরিদর্শন করেছেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব। পরিদর্শনকালে তিনি রান্নাঘরে গিয়ে দায়িত্বরতদের সাথে কথা বলেন এবং রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবার ও তরকারির মান খতিয়ে দেখেন।
এদিকে, রোগীদের সেবার মান ও বিভিন্ন সমস্যা রেকর্ড রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ‘Patient Feedback’ বা মতামত কার্ড ব্যবহার করা হচ্ছে। এই কার্ডে ট্রলি বা হুইল চেয়ার পাওয়া, ওয়ার্ডে নতুন চাদর দেওয়া, বাথরুম ও ওয়ার্ডের পরিচ্ছন্নতা, তিন বেলা খাবার পাওয়া ও খাওয়ার উপযোগিতা, সময়মতো ওষুধ সরবরাহ, জরুরি বিভাগ বা লেবার ওয়ার্ডে সরকারি ফির বাইরে বাড়তি অর্থ দাবির বিষয় এবং চিকিৎসক ও নার্সদের আচরণসহ মোট ১২টি বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত দেওয়ার পাশাপাশি অভিযোগ বা পরামর্শ লেখার সুযোগ রাখা হয়েছে।
পাশাপাশি বহির্বিভাগে প্রতিদিন আসা অসংখ্য রোগী যেন সহজে নিজেদের সুবিধা-অসুবিধা ও অভিযোগ জমা দিতে পারেন, সেজন্য বহির্বিভাগের সামনে জনসম্মুখে একটি অভিযোগপত্র বক্স স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে মতামত দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বহির্বিভাগের সামনে অভিযোগ বক্স স্থাপন করা হলে রোগীরা সহজে অভিযোগ জমা দিতে পারবেন এবং বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে এলে তা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার গতি বাড়বে।
সচেতন মহল মনে করছেন, ডা. সানজিদা মাহবুবের নেতৃত্বে রান্নাঘর পরিদর্শন, রোগীদের মতামত রেকর্ড রাখার উদ্যোগ এবং বহির্বিভাগে আসা রোগীদের অভিযোগ জানানোর ব্যবস্থা আরও কার্যকর হলে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও জবাবদিহি আরও জোরদার হবে।
Muktomon/TA