চরফ্যাশনে যানজট নিত্যদিনের ভোগান্তি, কার্যকর উদ্যোগের দাবি

চরফ্যাশন পৌর শহরে অটোরিকশা, বোরাক, সিএনজি ও নসিমনের চাপে সড়কে যানজট ও জনদুর্ভোগ।
চরফ্যাশন পৌর শহরে অটোরিকশা, বোরাক, সিএনজি ও নসিমনের চাপে সড়কে যানজট ও জনদুর্ভোগ।

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন পৌর শহরে দিন দিন অটো বোরাক, সিএনজি, নসিমন ও অটোরিকশার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রতিনিয়ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে এসব যানবাহন বৃদ্ধি পাওয়ায় শহরের সড়কগুলোতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। যত্রতত্র যাত্রী ওঠানামা, যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং নির্দিষ্ট নিয়ম না মেনে চলাচলের কারণে যানজট আরও প্রকট হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে বাজার ও প্রধান সড়কগুলোতে চলাচল করা দায় হয়ে পড়েছে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, এভাবে প্রতিনিয়ত যানবাহন বাড়তে থাকলে চরফ্যাশন শহরের যানজট পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এসব যানবাহন নিয়ন্ত্রণ করবে কে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি এ বিষয়ে কোনো নজরদারি নেই?

তাদের দাবি, শহরের যানজট নিরসনে অপ্রয়োজনীয় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, যত্রতত্র পার্কিং বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে হবে।

চরফ্যাশন পৌরবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় দিন দিন যানজট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

জনগণের প্রশ্ন একটাই—চরফ্যাশনের সড়কে যানজট নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেবে কে?

Muktomon/TA