নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রকাশিতব্য চূড়ান্ত ভোটার তালিকায় ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
এদিকে, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
গত ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদগুলোর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।